২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক

মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মঙ্গলবার রাতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 06:34 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মঙ্গলবার রাতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। রাত সাড়ে ১২টার দিকে পরিবহন শ্রমিকরা মহাখালী আমতলী মোড় থেকে এলোপাতাড়িভাবে রাখা গাড়ি সরিয়ে নিলে বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়। এক জন বাসচালককে কয়েকজন তরুণের মারধর এবং পরে তাকে ‘উঠিয়ে নিয়ে যাওয়ার’ গুজবের প্রেক্ষিতে রাত ১১টার পর মহাখালী মোড় সড়ক অবরোধ করে মহাখালী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, এ সময় মহাখালী বাস টার্মিনাল থেকে একদল শ্রমিক লাঠি-সোঁটা হাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে তারা সেখানে গাড়ি ভাংচুর শুরু করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন তরুণ ‘একতা পরিবহনের’ একটি বাসে মহাখালী আমতলী মোড় থেকে উঠতে চাইলে বাসচালক এতে রাজি হয়নি। পরে তারা পুলিশের সহায়তা নিয়ে বাসে ওঠে।” এরপর তারা ওই বাসের চালক নওয়াবকে নামিয়ে মারধর করে বলে জানান তিনি। মারধরে আহত বাসচালক মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে ওসি বলেন, “বাসশ্রমিককে তিতুমীর কলেজের ছাত্ররা তুলে নিয়ে গেছে এমন গুজবে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে।” পরে ওই শ্রমিকের চিকিৎসাধীন হাসপাতালে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি শাহ আলম। একতা পরিবহন ঢাকা-বগুড়া রুটে চলাচল করে থাকে। মহাখালী বাস মালিক সমিতির মুখপাত্র শওকত আলী বাবুল অবরোধ প্রত্যাহারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। তিনি বলেন, “রাতে দুজন তরুণ মাতাল অবস্থায় বাসে উঠতে চাইলে চালক নওয়াব তাতে রাজি হয়নি। পরে তাকে বাস থেকে নামিয়ে মহাখালী আমতলী মোড়ে জলখাবারের সামনে নিয়ে মারধর করে তরুণরা।” ওই তরুণরা তিতুমীর কলেজের ছাত্র কি না তা জানেন উল্লেখ করে শওকত বলেন, “ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফএস/পিডি/০১০০ ঘ.