ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো পরিস্থিতিতে নারীরা সুস্থির থাকতে পারে বলে উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা তৈরির ওপরও জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো পরিস্থিতিতে মেয়েরা মাথা ঠাণ্ডা রাখতে পারে।
“তাই উন্নয়নের সব প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
দারিদ্র্য দূর, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণে নারীদের উৎসাহিত করার আহবান জানান শেখ হাসিনা।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের উদ্বোধন অনুষ্ঠান হয়। এবার দিবসের প্রতিপাদ্য ‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি, সহায়ক শক্তি বালিকা ও নারী’।
শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীদের দেখা হয় পরিবেশ ব্যবস্থাপক হিসেবে। কারণ পরিবেশ সংক্রান্ত জ্ঞান তাদেরই বেশি।
“বাংলাদেশেও পরিবেশ রক্ষা ও দুর্যোগে পরিবার রক্ষায় নারীদের ইতিবাচক ভূমিকা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।”
উন্নয়ন, পরিবেশ রক্ষা, দুর্যোগকালীন সঙ্কট নিরসনে নারীদের প্রধান সহায়ক শক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
নারীরা নিজেরা বিপদগ্রস্ত অবস্থায় থেকেও পরিবারের দেখাশোনা এবং আশ্রয়ের সন্ধান করেন বলেই সরকারি পরিকল্পনা, বাজেট ও উন্নয়নের সার্বিক আলোচনায় তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজনের কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ উপকূলে বাস করে জানিয়ে ওই এলাকায় স্থাপনাগুলো ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহারোপযোগী করে নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় পরিকল্পিত নগরায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভূমিকম্প প্রতিরোধে নীতিমালা নেয়া হয়েছে। অনেকে মানে, অনেকে মানেন না।”
অগ্নিকাণ্ড, সড়ক ও নৌ দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম একটি ‘জরুরি সাড়া প্রদান ব্যবস্থাপনা’ গড়ে তোলা হবে বলে জানান তিনি।
দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে জাতির পিতা ১৯৭৩ সালের ১ জুলাই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তৈরি করেন।
পরবর্তী আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিবসটি কেন্দ্র করে জাতীয় পর্যায়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। দিবসটি ধরে একটি প্রামাণ্যচিত্রও দেখেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এস আসলাম আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৪৪ ঘ.
bdnews24