২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু সাংবাদিকদের নিবন্ধন শুরু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সংবাদ সেবা কার্যক্রমের নিবন্ধন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সংবাদ সেবা কার্যক্রমের নিবন্ধন শুরু হয়েছে। সাংবাদিকতায় আগ্রহী ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা এই কার্যক্রমে অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংরেজি ও বাংলা সংস্করণের হোম পেইজ ও কিডস পেইজে সরাসরি ফরম পূরণ করে নিবন্ধন করা যাবে। এছাড়াও ডাক/কুরিয়ারযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এর কার্যালয়ে পাঠিয়ে নিবন্ধন করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “আমরা আশা করি সমাজের সব স্তর থেকে শিশুরা এ কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী হবে। শিশুদের ও আমাদের, দু’পক্ষের জন্যই এটা একটা সুযোগ। “শিশুরা এতে পেশাদার সাংবাদিকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। তাদের কাছেও আমাদের শেখার আছে।” শিশুদের সংবাদ সেবা কার্যক্রমের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ গত ৬ সেপ্টেম্বর একটি চুক্তি স্বাক্ষর করে। প্রাথমিক পর্যায়ে ২০টি জেলার শিশুদের জন্য এই নিবন্ধনে সুযোগ থাকছে। জেলাগুলো হচ্ছে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি. রাঙ্গামাটি, জামালপুর, নেত্রকোণা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট। ডাকযোগে নিবন্ধন করতে আবেদনকারীর নাম, ছেলে না মেয়ে, বয়স, বিদ্যালয়ের নাম, শ্রেণী, অভিভাবকের নাম,অভিভাবকের পেশা, ঠিকানা, ফোন/মোবাইল, ইমেইল (যদি থাকে), এবং শারীরিক প্রতিবন্ধী কিনা তা লিখে পাঠাতে হবে। নিবন্ধনের জন্য আগ্রহীদের আবেদনপত্র আগামী ১ নভেম্বরের মধ্যে এর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে পৌঁছাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএইচপি/১৯০৮ ঘ.