ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের বিরুদ্ধে আরো দু’টি মামলা হয়েছে।
সোমবার র্যাবের ওপর হামলার অভিযোগে সুবেদার মিজানুর রহমান বাদি হয়ে সাভার মডেল থানায় একটি ও র্যাবের ডিআইডি লিয়াকত হোসেন বাদি হয়ে পল্লবী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করেছেন।
এর আগে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় তানভীরসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এসব মামলায় রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের একটি বাড়ি থেকে তানভীরকে গ্রেপ্তার করে র্যাব।
ওই বাড়ি থেকে ব্ল্যাকবেরি ফোন সেট, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং দুই লাখ টাকা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
পল্লবী থানার এসআই এজাজুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র রাখার জন্য তানভীরের বিরুদ্ধে এ মামলাটি করা হয়।
সাভার মডেল থানার উপ পরিদর্শক সাজ্জাদ রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের ওপর হামলার অভিযোগে এ মামলাটি করা হয়েছে। মামলায় তানভীর ও তুষার আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচশ’ থেকে ছয়শ’ লোককে আসামি করা হয়েছে।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ৪ অক্টোবর হলমার্কের অর্থ কারসাজি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলার পর ৬ অক্টোবর সাভারের হেমায়েতপুরের জনতা হাউজিংয়ে হলমার্ক গ্রুপে আসামিদের গ্রেপ্তার করতে যায় র্যাব সদস্যরা। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে হলমার্ক গ্রুপের অজ্ঞাতনামা পাঁচশ’ থেকে ছয়শ’ লোক লাঠিসোটা, দা, ছোরা ও হাসুঁয়া নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ হামলায় র্যাবের এসআই কামাল হোসেন, প্লাটুন কমান্ডার (পিসি) নুরুল আমিন ও হাবিলদার আব্দুল হাই গুরুতর আহত হয়।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আনে।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
ওই ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রোববার ১৮, ১৯ ও ২০ নভেম্বর তারিখ দিয়েছে দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমডি/এসইউ/১৬০৮ ঘ.
bdnews24