২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দগ্ধ হয়ে’ মৃত্যু আইন প্রতিমন্ত্রীর ভাগ্নের

‘ল্যাপটপ বিস্ফোরিত’ হয়ে আগুনের সূত্রপাত বলে পরিবারের সদস্যরা শুরুতে জানালেও তাতে ভিন্নমত পোষণ করেছে অগ্নি নির্বাপণ বাহিনী। বিস্ফোরণের কোনো আলামতও ঘটনাস্থলে মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিজের শোবার ঘরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এক ভাগ্নের। ‘ল্যাপটপ বিস্ফোরণে’ এই আগুনের সূত্রপাত বলে পরিবারের সদস্যরা দাবি করলেও অগ্নি নির্বাপণ বাহিনী এতে ভিন্নমত পোষণ করছে। লাপটপটিও বিস্ফোরণের কোনো আলামতও ঘটনাস্থলে মেলেনি। প্রতিমন্ত্রীর ভাগ্নে আহমেদ শওকত মাসুদকে (৪৩) কাজীপাড়ার বাসা থেকে রোববার সকাল সোয়া ১১টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। তখন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, “মিরপুরের কাজীপাড়ার ওই বাসায় মাসুদ একাই থাকতেন। ল্যাপটপ বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন।” ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান আইন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাসুদ পুড়ে মারা গেছে। মাসুদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা ও তার ফুপাত ভাই জিয়াউর রহমান পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাসুদের ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের ভবনের নির্মাণ শ্রমিকরা খবর দেয়। “এরপর বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, মাসুদের দেহ অর্ধেক বিছানায় আর অর্ধেক মেঝেতে। সারা শরীর পুড়ে গেছে। তোষক, কাপড়-চোপড়েও আগুন জ্বলছে।” মাসুদের ল্যাপটপ থেকেও ধোঁয়া বের হচ্ছিল জানিয়ে পিয়াস বলেন, “সেটি বিস্ফোরিত হয়েই ঘরে আগুন লাগে বলে তারা ধারণা করছেন।” তবে কাজীপাড়ায় মাসুদের ঘরে গিয়ে ল্যাপটপটি বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এর চার ধার পুড়লেও মধ্যভাগ অক্ষত দেখা যায়। ল্যাপটপের চার্জারও প্রায় অক্ষত, প্রায় অক্ষত এর সঙ্গে লাগানো ইন্টারনেট মডেমও। পাশের দেয়াল থেকে বর্ধিত তার (মালটিপ্লাক) দিয়ে খাটের কাছে যে ল্যাপটপের জন্য বিদ্যুত সংযোগ নেওয়া হয়েছে, তাও অক্ষত দেখা যায়। ঘরের কোথাও বিদ্যুত সংযোগের কোনো ত্রুটি দেখতে পাননি অগ্নি নির্বাপণ বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ারুল হক। বিকালে আনোয়ারুল হক এবং মিরপুর বিভাগের পুলিশ উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থলে যান। সেখানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের সামনে আনোয়ারুল হক পুলিশ উপকমিশনারকে জানান, তিনি বৈদ্যুতিক কোনো ত্রুটি খুঁজে পাননি। আনোয়ারুল আরো বলেন, বৈদ্যুতিক ত্রুটি হলে ল্যাপটপের চার্জারের তারটির পুরোটাই গলে যেত বা তাপে তারের ওপরের অংশটি ফুলে উঠত। তাছাড়া সিলিং ফ্যান, বাতির সংযোগস্থল, সুইচবোর্ড সবগুলোই ঠিক আছে। তাহলে আগুন লাগল কীভাবে- পুলিশ কর্মকর্তার এই প্রশ্নে আনোয়ারুল বলেন, কয়েল বা অন্য কোনোভাবে আগুন লেগে থাকতে পারে। তবে তা পরীক্ষা ছাড়া বলা যাবে না। ওই ভবনের দোতলার তিন ইউনিটের একটি ফ্ল্যাটে থাকতেন মাসুদ। পাশের একটি ফ্ল্যাটে মাসুদের ফুপা-ফুপু থাকেন, যাদের ছেলে পিয়াস। পিয়াস জানান, মাসুদ একাই থাকতেন। স্ত্রীর সঙ্গে প্রায় এক বছর ধরে তার সম্পর্ক নেই। আগে এবি ব্যাংকে চাকরি করলেও মাসুদ বেশ কিছুদিন আগে তা ছেড়ে দিয়ে পারিবারিক ব্যবসা দেখভাল শুরু করেন বলে তার ফুপাত ভাই জানান। ফুপু কোহিনুর রহমান সন্ধ্যায় তার বাসায় অগ্নি নির্বাপণ বাহিনী ও পুলিশ কর্মকর্তাদের জানান, সকাল ৮টার দিকে দরজা খুলে খবরের কাগজ নেয়ার সময় মাসুদকেও খবরের কাগজ নিতে দেখেছিলেন। “তখন মাসুদ পাশের ফ্ল্যাটে (তৃতীয় ইউনিট) থাকা রাজিবকে (মাসুদের চাচাত ভাই) বলছিল, ‘রাজিব-রাজিব ওঠ, আমার পায়ে ব্যথা, হাসপাতালে নিয়ে যাও’। তবে তখন রাজিব দরজা খোলেনি,” বলেন কোহিনুর। খবরের কাগজ নিয়ে এরপরই মাসুদ তার ঘরে ঢুকে যায় বলে তার ফুপু জানান। এর প্রায় আধা ঘণ্টা পর আশেপাশের লোকজনের চেঁচামেচিতে মাসুদের ধরে আগুন লাগার খবর পান কোহিনূর। এরপর শাবল দিয়ে দরজা ভেঙে মাসুদকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় জানান মাসুদের ফুপা আতাউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১২৫ ঘ.