কক্সবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিশিষ্টজনেরা।
রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঢাকা থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, বৌদ্ধ মন্দিরে আগুন, হামলা ও ভাংচুরের ঘটনা কোনো কোনো ক্ষেত্রে ’৭১ সালের চেয়েও ভয়াবহ। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে এর তদন্ত দাবি করেন।
‘নাগরিক কমিটি’র ব্যানারে প্রতিনিধি দলের সদস্যরা রোববার সকালে কক্সবাজারে আসেন। পরে তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গণঐক্যের আহবায়ক পংকজ ভট্টাচার্য্য, তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, প্রকৌশলী সরদার আমিন, সাংবাদিক সালিম সামাদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীপায়ন খীসা, আদিবাসি অধিকার আন্দোলনের নীলুফার বানু।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকটি স্থানে বৌদ্ধ ও হিন্দুবসতি ও মন্দিতে তাণ্ডব চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা।
এ ঘটনাকে উগ্র সম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ উল্লেখ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, এ ঘটনায় বহির্বিশ্বে নেতিবাচক প্রভাব পড়বে। সারাবিশ্বে বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক রাষ্ট্র হিসেবে স্বীকৃত। এ আঘাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত।
ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি করে তিনি বলেন, “আমরা হিংসার মৃত্যু চাই, বিভেদের অবসান চাই।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৫ ঘ.
bdnews24