ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা রোববার দেখা করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে স্বনির্ভর হতে হবে। এজন্য, তহবিল গঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সহায়তার প্রয়োজনও রয়েছে।
শর্তসাপেক্ষে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বনির্ভর হওয়ার কথা ছিল। কিন্তু, তারা তা করতে পারেনি।”
পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানান।
সাক্ষাতকালে সমিতির সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তা বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী এ সময় তার সরকারের সময়ে নেওয়া শিক্ষাখাতের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪০৮ ঘ.
bdnews24