কক্সবাজার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্র্রদায়িক সন্ত্রাসের ঘটনা তদন্তে গঠিত বিভাগীয় তদন্ত দল ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে।
বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা রামুতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বৌদ্ধ মন্দির, বসতবাড়ি পরিদর্শনের মধ্য দিয়ে তাদের কাজ শুরু করেন। এ সময় তারা একটি হাতবোমার খোসা, সিমেন্টের তৈরি ব্লক, পোড়ামাটিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তদন্ত দলের প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলামের নেতৃত্বে চার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা রামুর মেরং রোয়ার সীমাবিহার, উত্তর মিঠাছড়ির বনবিহার, শ্রীকূল মৈত্রীবিহার, লালসিং, সাদাসিং, বড়কিয়াং এলাকার ক্ষতিগ্রস্ত বৌদ্ধবসতি পরিদর্শন করেন।
সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। পরে বিকালে সীমাবিহারে সাংবাদিকদের সামনে কথা বলেন তারা।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, বান্দরবানের পুলিশ সুপার কামরুল হাসান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ও অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, তদন্তে স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ স¤প্রদায়ের লোকজনসহ সকল ধর্মের মানুষের মতামত নেয়ার পাশাপাশি স্থির ছবি ভিডিও ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। প্রতিবেদন জমা দেয়ার আগ পর্যন্ত তদন্ত চলবে বলে তিনি জানান ।
তিনি জানান, উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত বুদ্ধমুর্তি ধ্বংসে ব্যবহৃত হাতবোমাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দপ্তরে পাঠানো হয়েছে।
তদন্ত দল রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজলের বক্তব্যও নিয়েছে।
ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে বৌদ্ধ বসতিতে হামলা হয়।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এতো বড় হতে পারত না। এই অভিযোগের মধ্যেই রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়।
ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবে।
এ ঘটনায় বিরোধী দলও একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিরোধী দলের তদন্ত কমিটি শুক্রবার থেকে কাজ শুরু করবে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, হামলার সূত্রপাত, ইন্ধনদাতাদের সনাক্ত, আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা, মসজিদের মাইক ব্যবহার করে উস্কানি, গান পাউডার ও পেট্রোল ব্যবহার, বহিরাগতদের আগমন, স্থানীয় জনপ্রতিনিধিদের নেপথ্য ভূমিকা- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২৩৪৬ ঘ.
bdnews24