চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ করেছে একটি ইসলামী সংগঠন।
বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘি মাঠে হেফাজতে ইসলামী এ সমাবেশ করে।
সমাবেশে যুক্তরাষ্ট্রে মহানবীকে (স.) অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়ে অবমাননাকারীদের শাস্তি দাবি করা হয়।
হেফাজতে ইসলামীর আমীর শাহ্ আহমদ শফী, সংগঠনের নেতা আজিজুল হক, আবদুল মালেক হালিম এতে বক্তব্য দেন।
নবীকে অবমাননাকারীদের শাস্তি দাবির পাশাপাশি বক্তারা কক্সবাজারের রামু ও উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলার নিন্দা জানান।
স¤প্রতি ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রের একটি অংশ ইন্টারনেটে প্রকাশ হলে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় ইতোমধ্যে লিবিয়া, মিশর ও তিউনিসিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ায় হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৯০৪ ঘ.
bdnews24