ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলার প্রেক্ষিতে সারা দেশের সব গির্জা-মসজিদ-প্যাগোডা-মন্দিরের নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়ার করা একটি রিট আবেদনের শুনানি করে বুধবার মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রামুর ভারপ্রাপ্ত ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া রামুর ঘটনা তদন্তে সরকার গঠিত কমিটির প্রতিবেদন ১৭ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে বৌদ্ধ বসতিতে হামলা হয়।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এতো বড় হতে পারত না। এই অভিযোগের মধ্যেই রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৫৫০ ঘ.
bdnews24