সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে অর্থ নেয়ার ঘটনায় হলমার্ক গ্রুপের বিরুদ্ধে আগামী দুই-একদিনের মধ্যেই মামলা করা হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোনালী ব্যাংক নিয়ে তদন্ত প্রতিবেদনের ওই ব্যাংকের রূপসী বাংলা শাখার অংশটুকু তৈরি হয়েছে এবং তা মঙ্গলবার বিকেলে কমিশনে দাখিল হয়েছে। এর ভিত্তিতে আগামী দুই-একদিনের মধ্যেই মামলা হবে।”
গোলাম রহমান বলেন, “প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দেড় হাজার কোটি টাকা উত্তোলন করেছে হলমার্ক গ্রুপ। বাকি টাকা তারা ব্যাংকের অন্যান্য শাখা থেকে তুলেছে।”
২০১০ সালের শেষ থেকে ২০১২-এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাসহ একাধিক শাখা কার্যলয় থেকে অনিয়মের মাধ্যমে তিন হাজার ছয়শ’ ছয় কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপ, ডিএন স্পোর্টস, নকশী নিট কম্পোজিট ও খান জাহান আলী স্যুয়েটার্সসহ ছয়টি প্রতিষ্ঠান। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলেছে প্রায় দুই হাজার ছয়শ’ কোটি টাকা।
এদিকে, মঙ্গলবার সংসদীয় উপকমিটির কাছে এই ঋণ নেয়ার ক্ষেত্রে অনিয়মের কথা স্বীকার করেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ।
অর্থ কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল কাজ করে।
এ ঘটনায় দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কেলেঙ্কারির ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর সুভাষ সিংহ রায়সহ সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করেন তারা।
তারা বলেন, পরিচালনা পর্ষদ গত ২ জানুয়ারি ইনল্যান্ড বিল পার্চেজ (আইবিপি) ইস্যু না করার নির্দেশ দিলেও তা অমান্য করে হলমার্ক গ্রুপকে ঋণ দিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/০০০২ ঘ.
bdnews24