২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ভোলায়

ক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ভোলা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বাংলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-মানবাধিকার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দির ও বসতিতে আবারো হামলার ঘটনা ঘটে। মঙ্গলবারও রামু, উখিয়া, টেকনাফ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে এভাবে সা¤প্রদায়িক সন্ত্রাস হতে পারে না। কোনো একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান বক্তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হিউম্যান ডিফেন্ডার ফোরাম সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, কোস্ট ট্রাস্ট সমন্বয়কারী ফজলুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.