সাতক্ষীরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে বংশীপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি স্কুলে এ সময় একই ক্লাসের আরো দুই ছাত্রী আহত হয়েছে।
মৃত শামছুন্নাহার (১০) বংশীপুর গ্রামের মোহাম্মাদ আলীর মেয়ে এবং ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন চতুর্থ শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন (১০) ও সাথী (১০)। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বংশীপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির সময় বেলা ১টার দিকে এ ছাত্রীরা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল। এ সময় বজ্রপাত হলে শামছুন্নাহার ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24