সুবহানের জামিন নাকচ
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সুবহানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, আসামির বয়স ৮৪ বছর এবং তিনি বিভিন্ন রোগে আক্রান্ত- এই যুক্তিতে তার আইনজীবীরা জামিন চেয়েছেন। কিন্তু তিনি যে অসুস্থ- তেমন কোনো নথিপত্র ট্রাইব্যুনালের হাতে নেই।
“ট্রাইব্যুনাল আগেও বলেছে, শুধুমাত্র বয়সের কারণে কাউকে জামিন দেয়ার নিয়ম নেই। এ কারণে আব্দুস সুবহানের জামিন আবেদন খারিজ করা হলো।”
সোমবার জামিনের আবেদন জমা দেয়ার পর সুবহানের কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, তার মক্কেল পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পরে বাংলাদেশ হওয়ার পরে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হন।
সুবহানকে যুদ্ধাপরাধের মামলায় আসামি করার পেছনে রাষ্ট্রপক্ষের ‘অসৎ উদ্দেশ্য’ রয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী।
তিনি বলেন, “সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন ও নির্যাতন করতে ট্রাইব্যুনালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
অন্যদিকে প্রসিকিউটর হৃষিকেশ সাহা বলেন, সুবহানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চালাতে হলে তাকে কারা হেফাজতে রাখা প্রয়োজন।
তিনি বলেন, সুবহানের বাড়ি পাবনায় বেশ কয়েকটি এলাকায় তদন্ত সংস্থা গণকবরের সন্ধান পেয়েছে। এই জামায়াত নেতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে গেছেন বলে তথ্য প্রমাণ রয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা কারাগারে নেয়া হয়।
পরে ট্রাইব্যুনালের আদেশে সুবহানকে ঢাকায় স্থানান্তর করে পুলিশ।
