নুরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি শিশুর জন্য পোলিও টিকার কয়টা ডোজ দরকার? ১০, ২০ না আরো বেশি?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে এবিষয়ে চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। ২০০৬ সালে ২৩ ডোজ পোলিও টিকা খাওয়ানোর পরও দেশে শিশুরা পোলিওতে আক্রান্ত হয়েছিল।
সেসময় সরকার এধরনের ১৮টি ঘটনা নথিভুক্ত করলেও সেগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সরকার শুধু বলেছিল, এটা (পোলিও) প্রতিবেশী দেশ ভারত থেকে এসেছে এবং এর কারণ হলো ২০০৫ সালে তারা বিশেষ টিকা দিবস পরিচালনা করেনি।
এরপরই দেশজুড়ে বিশেষ জাতীয় টিকা দিবস পরিচালনা করে শিশুদেরকে টিকা দেয় সরকার।
কিন্তু সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রাপ্ত একটি নথিতে দেখা যায়, পোলিও টিকার ২৩টি ডোজ নেয়ার পরও সাড়ে আট বছর বয়সী এক শিশু পোলিও ভাইরাসে আক্রান্ত হয়।
আক্রান্ত হওয়া আরো দুই শিশু ছিল যাদের ১২টি ডোজ খাওয়ানো হয়েছিল। অন্য আক্রান্তদের মধ্যে একজনকে ১১টি ডোজ, তিনজনকে আটটি ডোজ, আরো তিনজনকে ছয়টি ডোজ এবং অন্যদেরকে পাঁচ বা এর কমসংখ্যক ডোজ খাওয়ানো হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবিষয়ে তার কোনো ধারণা নেই। কারণ ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না।
তিনি বলেন, “আমি ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) থেকে ওই সমস্ত নথিগুলো চাইবো।”
এঘটনার কারণ অনুসন্ধানে গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক এমআর খান।
তবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিশুদের পোলিওতে আক্রান্ত হওয়ার কারণ হয় অকার্যকর টিকা বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
ইপিআই কর্মসূচির আওতায় শিশুদেরকে ছয় সপ্তাহে, ১০ সপ্তাহে, ১৪ সপ্তাহে এবং নয়মাসে তিনধরনের টিকা মুখে খাওয়ানো হয়। এছাড়া ১৯৯৫ সাল থেকে বছরে দুবার করে জাতীয় টিকা দিবস পালিত হয়ে আসছে।
ইপিআই কর্মসূচির ব্যবস্থাপক ড. তাজুল ইসলাম এ বারী বলেন, ওই সব ঘটনায় গবেষণা পরিচালনার পরিকল্পনা ছিল। “কিন্তু তা করা হয়নি।” তবে কেন হয়নি তা তিনি বলতে পারেনি।
তবে বারী বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে মারাত্মক অপুষ্টির কারণে টিকা খাওয়ানোর পরেও হয়তো শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি।”
আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. কে জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর কারণ অনুসন্ধানে গবেষণা হওয়া উচিৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24