নওগাঁ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের তিনদিন পর নওগাঁর মান্দা উপজেলার শিশু কোরবান আলীর লাশ তার চাচার ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামের গোলাম মোস্তফার ঘরে কোরবানের লাশ পাওয়া যায়।
মছির উদ্দিন ওরফে বারেকের একমাত্র ছেলে কোরবান (৬) এ বাড়ি থেকেই শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয়।
কোরবানের মা তারাফুল বিবি সাংবাদিকদের বলেন, কোরবান শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। রোববার সকালে বাড়ির আঙ্গিনায় এক লাখ টাকা মুক্তিপণের দাবি জানিয়ে একটি চিরকুট পাওয়া যায়। এ ঘটনায় কোরবানের বড় চাচা গিয়াস উদ্দিন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
“সোমবার সকালে কোরবানের চাচা গোলাম মোস্তফা ও চাচি লতিফুল বিবি ঘরে তালা লাগিয়ে হঠাৎ করে সটকে পড়েন। এতে করে কোরবানের চাচা ও চাচি ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ হয়,” বলেন তারাফুল বিবি।
পুলিশকে জানালে সন্ধ্যায় মোস্তফার ঘরের একটি ট্রাংকের নিচে মাটি খুঁড়ে কোরবানের লাশ উদ্ধার করা হয়। লাশের হাত-পা বাধা ও মুখে কাপড় ঢুকানো ছিল বলে জানান মান্দা থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল।
তিনি সাংবাদিকদের বলেন, পারিবারিক বিরোধের জের ধরে কোরবানকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান ও মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24