সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার মধ্যরাতে এই দুর্ঘটনায় নিহত আবু জাহের (৪৮) শ্যামনগরের বাদঘাটা গ্রামের শেখ আহম্মদ আলীর ছেলে। তিনি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শ্যামনগর থানার ওসি আমির তৈমুর-ইলি বলেন, কালিগঞ্জ থেকে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহের। শ্যামনগর ব্রাক অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে যান।
পথচারিরা উদ্ধার করে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24