ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘খতিয়ে দেখতে’ একটি ‘তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে আট সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বলে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়–য়া।
কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে।
রোববার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন; অভিযোগ আছে, যারা এই অপতৎপরতা চালানোর জন্য সেখানে সংঘবদ্ধ হয়ে উপস্থিত হয়েছিলেন তাদেরকে দিয়ে তিনি ওই এলাকায় তাণ্ডবলীলা এমনকি খুন করার জন্য আহবান জানিয়েছিলেন।”
অবশ্য স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের মদদেই হামলার ঘটনা ঘটিয়ে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে।
সোমবার ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য দোষীদের খুঁজে বের করে ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১০ ঘ.
bdnews24