২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের ‘পে কমিশন’ বাস্তবায়নে এক মাস সময়

নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে আরো এক মাস সময় দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে আরো এক মাস সময় দিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে ২০০৯ সালে গঠিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আদালত আইন সচিব, অর্থ সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে ১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত মাজদার হোসেন মামলায় সর্বোচ্চ আদালতের রায়ের ধারাবাহিকতায় এই আদেশ এসেছিল। সেই আদেশ বাস্তবায়নে এবার আরো এক মাস সময় পেল রাষ্ট্রপক্ষ। সোমবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। শুনানিতে আদালত বলে, এখানে বিচার বিভাগের সঙ্গে অন্য বিভাগের তুলনার কোনো সুযোগ নেই। “এ ধরনের মানসিকতা আমরা পছন্দ করি না। আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখান। “বিচারিক কর্মকর্তারা সকাল ৮টা থেকে রাত ১১-১২টা পর্যন্ত কাজ করে। শুক্রবারও অনেককে আমি কাজ করতে দেখেছি। এগুলো দেখার কেউ নেই। কাজের ভিন্নতার জন্য বিচার বিভাগকে অন্য কোনো বিভাগের সঙ্গে এক করার কোনো সুযোগ নেই।” আদালত বলে, রাষ্ট্রপক্ষকে নতুন করে যে এক মাস সময় দেয়া হচ্ছে, তার মধ্যেই আদেশের বাস্তবায়ন করতে হবে। পে কমিশনের সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সম পরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এই ভাতা ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল শহরে মূল বেতনের শতকরা ৬৫ ভাগ, অন্যান্য জেলার জন্য ৫৫ ভাগ এবং চৌকি আদালতগুলোর জন্য ৫০ ভাগ বাসা ভাড়া দেওয়ার কথা বলা হয় কমিশনের সুপারিশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬১৫ ঘ.