চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জন শ্রমিক গ্রেপ্তার হওয়ার পর সোমবার জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ডের কোলাগাঁও কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াত হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৬ শ্রমিক গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতিতে একদিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে।
রাতে ব্যবস্থাপনা বোর্ডের সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছি।”
একটি টেলিভিশন চ্যানেলে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বন্ধ ঘোষণার খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি আমিনুর রশিদ বলেন, “কোনো কারণে ওয়েস্টার্ন মেরিন বন্ধ করা হয়নি। তারা তাদের সুবিধামতো আজকে ছুটি দিয়েছে।”
শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে রাতভর হামলা-ভাংচুরের পর রোববার দুপুরে কয়েকশ’ মানুষ মিছিল নিয়ে পটিয়ার লাখাড়া অভয় বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় তারা কোলাগাঁও রতœঙ্কুর বৌদ্ধ বিহার, কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গা মন্দির ও জেলে পাড়া মাতৃ মন্দিরেও হামলা হয়।
অভয় বৌদ্ধ বিহারের প্রাচীন বৌদ্ধ মূর্তি ভাংচুর এবং নবারুণ সংঘ দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগ করে তারা।
এরপর রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পটিয়া উপজেলার লাখাড়া এলাকায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ড ’ থেকে ২৬ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আমিনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের অনেকেই হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৪০৫ ঘ.
bdnews24