ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা শিশু নিয়ামুলের বিষয়ে ফের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পুলিশ ও র্যাবের দুজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়ে ঘটনা তদন্তে কমিটি গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২ জানুয়ারি স্বতঃপ্রণোদিত এক রুলে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় ভিক্ষাবৃত্তি বন্ধ এবং পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছিল হাইকোর্ট।
ওইদিন ২০১০ সালের ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান।
যাতে নিয়ামুল নামে সাত বছরের শিশু উদ্ধার ও কোরবান নামে এক আসামিকে গ্রেপ্তারের কথা রয়েছে। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্ন তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছিলো।
শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার এ ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিবকে উচ্চ ক্ষমতাসমপন্ন একটি কমিটিও করতে বলে আদালত।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ামুলের ঘটনায় র্যার, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে অমিল থাকায় আদালত আবারো ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছে।
সর্বশেষ গত ২৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আদালতে দাখিল করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/১৯৫০ ঘ.
bdnews24