২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কুয়েতফেরত ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর মিরপুরে দিনের বেলায় বাসায় ঢুকে কুয়েতফেরত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে দিনের বেলায় বাসায় ঢুকে কুয়েতফেরত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হায়দার আলী (৫০)। দশ থেকে বারো জন সন্ত্রাসী শনিবার দুপুর আড়াইটার দিকে মধ্য পীরের বাগে তার বাসায় যায় বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৩টার দিকে মারা যান হায়দার। মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড। হায়দারের স্ত্রী সেলিনা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী আগে কুয়েতে থাকতেন। ৩ বছর আগে দেশে ফিরে তিনি শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেন। তিনি বলেন, “দুপুর সোয়া ২টার দিকে হায়দার বাইরে থেকে বাসায় ঢোকার সঙ্গেসঙ্গে সন্ত্রাসীরা ঘরে ঢুকে বলে- ‘এতোদিন কুয়েতে ছিলি, কী কী আছে বল’। এই কথা বলে সন্ত্রাসীরা আমাদের দুই মেয়ে মুন ও নোভাকেসহ চারজনকে একটি কক্ষে আটকানোর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সন্ত্রাসীরা হায়দারকে গুলি করে।” তিনি বলেন,“সন্ত্রাসীরা ঘরের আলমারি খুলেছিলো কিন্তু কিছু নিয়েছে কি না তা এখন বলতে পারবো না।” হায়দারের ছোট ভাই কাজী মঞ্জুরুল হক খোকন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিন তলা ভবনটি তার ভাইয়ের নিজস্ব সস্পত্তি। নিচ তলা ভাড়া দেওয়া দ্বিতীয় তলায় হায়দার থাকে। নিচ তলায় আবদুল মজিদ নামে একজন ভাড়া থাকেন জানিয়ে খোকন বলেন, “বাসায় বখাটে ছেলেদের আড্ডা ও জুয়া খেলার কারণে ডিসেম্বর মাসে মজিদকে বাসা ছাড়ার নিদের্শ দেওয়া হয়, যদিও বাসায় এখনও তিনি রয়েছেন।” খোকন বলেন, বাসা ছাড়ার কথা বলার পর হায়দারের কাছে স্থানীয় জুয়েল, সেলিম, মনির ও শাহীন পাঁচ লাখ চাঁদা দাবি করেন। “ওই ভাড়াটিয়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন,” বলেন তিনি। ওসি বলেন, “পুলিশ ওই ভাড়াটিয়াকে বাসায় পায়নি। তাকে খোঁজার পাশাপাশি তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৯৪৩ ঘ.