২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা সড়কে ২২ বাঁকে ডিভাইডার হচ্ছে

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ ২২টি বাঁকে ডিভাইডার বসানোর কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

সাভার/মানিকগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ ২২টি বাঁকে ডিভাইডার বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর রোড ডিভাইডার নির্মাণকাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গত বছরের ১৩ অগাস্ট ঘিওরে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হন। ওই দুর্ঘটনাটিও ঘটেছিল একটি বাঁকে। মন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ২২টি বিপজ্জনক বাঁক রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এগুলোতে এমএস পাইপ দিয়ে রোড ডিভাইডার নির্মাণকাজ শেষ করা হবে। এছাড়া বাঁকগুলোকে সোজা ও প্রশস্তও করা হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করলে পরিকল্পনা বাস্তবায়নে অর্থ বাধা হয়ে দাঁড়ায় না বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, “সমস্যা সমাধানে উদ্যোক্তা যদি আন্তরিক থাকেন, তাহলে অর্থ কোনো বাধা হতে পারে না। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলো সমস্যার সমাধান করা সম্ভব।” মানিকগঞ্জ যাওয়ার আগে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে এবং মহাসড়কের স্থায়িত্ব বাড়ানোর উদ্দেশ্যে যানবাহনের ওজন নিয়ন্ত্রক যন্ত্র (এক্সেল লোড কন্ট্রোল) স্টেশনও শুক্রবার সকালে উদ্বোধন করেন কাদের। মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি স্থাপন করা হয়েছে। মহাসড়কে নির্দিষ্ট ওজনের অতিরিক্ত ওজন বহনকারী পরিবহন চালকদের আগামী ৭ দিন সতর্ক করে দেওয়ার জন্য ষ্টেশন নিয়ন্ত্রকদের নির্দেশ দেন। আগামীতে এ স্টেশনটি পরিচালনার জন্য নীতিমালা নির্ধারণের কথাও জানান মন্ত্রী। ২০০৯ সালে ১ ফেব্র“য়ারি প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি চালু করা হয়। তবে সঠিক নীতিমালার অভাবে ২০১০ সালে ৩০ মার্চ এটি বন্ধ হয়ে যায়। গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী সংশ্লি¬ষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি চালুর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/২১১৫ ঘ.