ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে অব্যাহতির সুপারিশ করে মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় আদালতে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহষ্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহজাহান।
এজাহারে নাম না থাকলেও এ মামলায় কাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশ কর্মকর্তা মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ১৫ জুলাই কাদের তার বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে থেকে রাতে টহল পুলিশের হাতে আটক হন কাদের। পরিচয়পত্র দেখানোর পরও তাকে খিলগাও থানায় নিয়ে পিটিয়ে আহত করে পুলিশ।
পরে ২১ জুলাই তাকে মোহাম্মদপুর থানার এ গাড়ি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে খিলগাঁও থানার পুলিশ কাদেরের বিরুদ্ধে এ থানায় অস্ত্র ও ডাকাতি চেষ্টার অভিযোগে আরো দুটি মামলা করে।
আগামি ২৩ জানুয়ারি মোহাম্মদপুর থানার এ মামলার শুনানির তারিক ধার্য রয়েছে। সেদিন পুলিশের প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হবে বলে সাংবাদিকদের জানান আদালতের পুলিশ কর্মকর্তা মজিবর রহমান।
এ মামলায় কাদের জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/পিডি/২৩১৮ ঘ.
bdnews24