সিলেট, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে পরীক্ষায় অকৃতকার্য এক দল শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও গ্রন্থাগার ভবনের দরজা জানালা ভাংচুর করে বলে পুলিশ জানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের পরীক্ষার ফল প্রকাশ হয়। এই ব্যাচের ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন কৃতকার্য হয়।
বাকিরা অকৃতকার্য হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাংচুর চালায়। এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে।
ফারুক আহমদ এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগের কয়েকজন শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে নম্বর না দেওয়ায় আমরা কৃতকার্য হতে পারিনি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনোয়ার হোসেন বলেন, “পরীক্ষায় ফেল করে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে বসেছে।”
শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৪০ ঘ.
bdnews24