২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাইয়ের স্বপ্ন পূরণ করবো’

নরসিংদীর পৌর মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, পৌরবাসীকে সেবা দিয়ে ভাইয়ের স্বপ্ন পূরণ করাই হবে তার কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নরসিংদী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, পৌরবাসীকে সেবা দিয়ে ভাইয়ের স্বপ্ন পূরণ করাই হবে তার কাজ। বৃহস্পতিার এ নির্বাচনে কামরুজ্জামান পেয়েছেন মোট ৩৫ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোন্তাজ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৩ হাজার ৮১৩ ভোট, যিনি লোকমান হত্যা মামলার আসামি। এ নির্বাচনের মোট ৩১ কেন্দ্রের ফল এসএমএসের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পৌঁছে যাওয়ার পর ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মাথায় কামরুজ্জামানের বিজয় নিশ্চিত হয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আমি ভাইয়ের স্বপ্ন পূরণ করবো। নরসিংদীবাসীর মাঝে আমি থাকতে চাই। আমি তাদের চাকর হয়ে থাকবো।” কামরুজ্জামানকে নির্বাচিত করায় নরসিংদীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলিও। তিনি বলেন, “লোকমান নেই, তবে এই ভোট লোকমানের। তিনি নরসিংদীবাসীর প্রিয় লোক ছিলেন। নরসিংদীবাসী তার কাজের মূল্য দিয়েছে। সাধারণ মানুষ খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে। আমার আত্মা শান্তি পেয়েছে।” নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়রের পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান। তার পদটি শূন্য হলে এ উপ নির্বচানের আয়োজন করে নির্বাচন কমিশন। কিন্তু লোকমান হত্যাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগও মামলার বাদি-বিবাদিতে বিভক্ত হয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু মেয়র পদে কামরুজ্জামানকে সমর্থন দিলেও জেলা সভাপতি মো. আসাদুজ্জামানসহ অধিকাংশ নেতার সমর্থন ছিল মোন্তাজের দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭৪৭ ঘ.