নীলফামারী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের দাবিতে এক স্কুলশিক্ষকের বাড়িতে গিয়ে ওঠা এক তরুণীকে সদর উপজেলার শীর্ষ কর্মকর্তা ‘সামাজিক আপদ’ সৃষ্টির দায়ে সাজা দিয়েছেন।
তরুণীর পরিবার বলছে, মেয়েটিকে যৌনকর্মীর মতো আচরণের জন্য সাজা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, আত্মহত্যার হুমকি দেওয়ায় মেয়েটির পরিবারকে পালা করে পাহারা দেওয়া হচ্ছে।
নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের ওই তরুণী নীলফামারী সরকারি কলেজের ছাত্রী।
বিয়ের দাবি নিয়ে যুবকের বাড়িতে গিয়ে ওঠায় ‘আপদ’ সৃষ্টিকারী হিসেবে তাকে শুক্রবার দুপুরে একশ টাকা জরিমানা করে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বসানো ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারী সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।
কলেজছাত্রীটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালবাসার অপরাধে ইউএনও আমাকে আইনের আওতায় এনে পতিতা বানিয়ে দিল। আমি অনার্সের ছাত্রী, হয়ে গেলাম পতিতা। আমার সামনে আত্মহত্যা ছাড়া আর বেঁচে থাকার কোনো পথই খোলা নেই।”
নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে দণ্ডবিধিতে তাকে সাজা দেওয়া হয়েছে তার সঙ্গে পতিতাবৃত্তির কোনো সম্পর্ক নেই।”
তবে সদর থানার ওসি জেএম আসাদুজ্জামান বলেন, “সাধারণত পতিতাদের এই আইনে দণ্ড দেওয়া হয়ে থাকে। ইউএনও কেন যে কলেজছাত্রীটিকে পতিতা বানিয়ে জরিমানা করলেন তা আমি বুঝে উঠতে পারিনি।”
একই আদালত ঘটনায় সংশ্লিষ্ট যুবকটিকেও একশ টাকা জরিমানা করে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সামাজিক রীতিনীতি ভঙ্গ করার দায়ে ছেলে ও মেয়ে দুজনকেই তিনি একই ধারায় জরিমানা করেছেন।
‘ভাল মেয়েকে পতিতা বানিয়েছে’
জরিমানা প্রসঙ্গে লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার এই রায় একটি ভাল মেয়েকে পতিতা বানিয়ে দিয়েছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।”
“পরিবারটি আত্মহত্যার হুমকি দিয়েছে” উল্লেখ করে তিনি বলেন, “তারা যেন আত্মহত্যা করতে না পারে এজন্য তাদের বাড়িতে দিনরাত পাহাড়া বসানো হয়েছে।”
এ ঘটনার প্রতিবাদে তারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
সাজাপ্রাপ্ত মেয়েটির পরিবার আত্মহুতির হুমকি প্রসঙ্গে ইউএনওকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি এলাকায় আছি, এ ধরনের কোনো ঘটনা এলাকায় ঘটছে না।”
ছাত্রীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ের সঙ্গে তাদের গ্রামের কমলা কান্ত রায়ের ছেলে দুবাছুড়ি নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, “স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার মেয়ে সুবোধকে বেশ কিছূ দিন থেকে চাপ দিয়ে আসছিল। গত ১১ জানুয়ারি সুবোধের বাড়িতে অবস্থান নেয় সে।”
এরপর সুবোধ উত্ত্যক্ত করার অভিযোগ আনেন বলে জানান ইউপি চেয়ারম্যান আমিনুর।
তিনি বলেন, গত শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন পুলিশ ফোর্স নিয়ে ইউনিয়ন পরিষদ অফিসে যান। এরপর সুবোধসহ মেয়েটিকে হাজির করা হয়। এ সময় সেখানে ইউনিয়নের বর্তমান চেয়ানম্যান, সাবেক চেয়ারম্যান, সদস্য, গ্রাম্য পুলিশসহ সহাস্রাধিক মানুষ সমবেত হন।
ওই সময় সেখানে উপস্থিত থাকা সাবেক ইউপি চেয়ারম্যান শ্যাম চরণ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে সমবেত লোকজন তাদের দুজনের বিয়ে দেওয়ার দাবি জানালেও, তা উপেক্ষা করে সুবোধ ও মেয়েটিকে থানায় নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা।”
বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুর বলেন, “থানায় নিয়ে তাদের দণ্ডবিধির ২৯০ ধারায় একশ টাকা করে জরিমানা করেন ইউএনও।”
২৯০ দণ্ডবিধিতে বলা হয়েছে, অন্য কোনোভাবে শাস্তিযোগ্য নয় এমন কোনো সামাজিক আপদ সৃষ্টিকারীকে এই ধারায় দুশো টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
‘আবেগের বশে এ কাজ’
বিয়ে না দেওয়া প্রসঙ্গে কাউসার নাসরীন বলেন, “আমরা এই কালচার তৈরি করতে পারি না। তাহলে তো যে কোনো মেয়ে যে কোনো ছেলে বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানালে তাদের বিয়ে দিতে হবে।”
ইউএনও জানান, মেয়েটি তাদের প্রেমের সম্পর্কের কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাছাড়া তাদের মধ্যে শারীরিক সম্পর্ক থাকার কোনো অভিযোগ মেয়েটি তার কাছে করেনি।
তবে রিকশায় দুজনের একসঙ্গে ঘুরে বেড়ানোর বিষয়ে মেয়েটির দাবির প্রেক্ষিতে সুবোধ স্বীকার করেন তারা রিকশায় একসঙ্গে চড়েছিলেন।
এই কারণে তিনি স্কুলের প্রধান শিক্ষক সুবোধসহ মেয়েটিকে দণ্ডবিধি ২৯০ এ জরিমানা করেছেন।
ইউএনও কাউসার নাসরীন জানান, মেয়েটিসহ বিভিন্নজনের সঙ্গে আলাপ তার ধারণা হয়েছে যে কালেজ পড়–য়া মেয়েটি আবেগের বশবর্তী হয়ে এমনটি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩২৮ ঘ.
bdnews24