ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
মৌসুমের দ্বিতীয় দফা এ শৈত্যপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।
শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, সিলেট বিভাগের কিছু এলাকাসহ সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা ও ফেণী অঞ্চলের উপর বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে শীতের তীব্রতা উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পড়লেও এ দফায় বিস্তীর্ণ অঞ্চলে এর বিস্তারের আশঙ্কা নেই।
রাজধানীসহ সারাদেশে তিন দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এর আগে ডিসেম্বরে এক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে।
আবহাওয়াবিদ কামরুল বলেন, “কয়েক দিন আগে বৃষ্টির প্রভাবে এ দফায় কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে মাসের শেষ দিকে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”
চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে উত্তর ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ও তীব্র (০৪-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/২২৫৩ ঘ.
bdnews24