সাতক্ষীরা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
শুক্রবার বেলা ১১টায় শহরের কাটিয়া আমতলা মোড়ে কলেজের অস্থায়ী কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদরের সংসদ সদস্য আব্দুল জব্বারের মালিকানাধীন সাতক্ষীরা কমিউিনিটি সেন্টার ও পার্শ্ববর্তী তার পুরাতন বাসভবন কলেজের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
কলেজের অধ্যক্ষ ডা. এস জেড আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম ব্যাচে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি তাদের ক্লাস শুরু হবে।
অধ্যক্ষ আরো বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য শহরের অদূরে বাকাল এলাকায় জমি অধিগ্রহণের জন্য টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী দু’য়েক বছরের মধ্যে নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ ডা. এস জেড আতিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আব্দুল জব্বার, ডা. আফতাবুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ, পৌর মেয়র আব্দুল জলিল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24