২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার গোপন ভাই

নওগাঁয় এবার ‘গোপন ভাই’র নামে একটি প্রচারপত্র বিলি হচ্ছে। এ নিয়ে রানীনগর উপজেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নওগাঁ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় এবার ‘গোপন ভাই’র নামে একটি প্রচারপত্র বিলি হচ্ছে। এ নিয়ে রানীনগর উপজেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। রাণীনগর রেলস্টেশন মাস্টার আব্দুল খালেক খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে নীলফামারী থেকে রাজশাহীগামী চলন্ত বরেন্দ্র এক্সপ্রেস থেকে কয়েক বান্ডিল লিফলেট স্টেশনে ও রেলফটকে ছুড়ে দেওয়া হয়। এতে রাণীনগর থানার আটটি ইউনিয়নে ৪৪৫জন সদস্য নিয়ে মাঠে নামার ঘোষণা রয়েছে ‘গোপন ভাই’র নামে। প্রচারপত্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে সতর্ক করে বলা হয়েছে- ‘রানীনগরে বর্তমানে বড় সন্ত্রাসী চাঁদাবাজ আপনার ছোট ভাই গোলাম মোস্তফা। তাকে জানুয়ারি মাস পর্যন্ত খোলা আকাশে দুনিয়ার সব আনন্দ করার সুযোগ দেয়া হলো। তারপর মৃত ভাই নজরুলের সঙ্গে দেখা করতে পাঠাবো’। এ বিষয়ে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিফলেটটি পেয়েছি এবং বিষয়টি দেখছি।” তবে ‘ব্যক্তিগত শত্র“তা থেকেও এ ধরনের কাজ হতে পারে বলে মনে করছেন তিনি। প্রচারপত্রে আরো লেখা হয়েছে, ‘রানীনগরে আবারো জেগে উঠেছে সুদের টাকার ব্যবসা। তারা গরিবের পেটে লাথি মেরে মোটা অঙ্কের টাকা আদায় করছে। তাদের বিচার হবে গোপন ভাইয়ের আদালতে। আর সে আদালত হবে শেষ ঠিকানা’। লিফলেটে বলা হয়েছে, রাণীনগর এলাকার খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকুন এবং প্রতিবাদ করতে শিখুন। এর আগে গত ৬ ডিসেম্বর নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম গ্রামে হত্যার হুমকি দিয়ে ‘বাজপাখির চোখ’ সংগঠনের নামে একটি লিফলেট ছড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৪১ ঘ.