চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়েত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সংলগ্ন প্রবর্তক মোড় ও হালিশহর থানার নয়াবাজার এলাকায় বুধবার দুপুরে তারা মিছিল বের করে।
সকালে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযমের জামিন আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খারিজ হয়ে যায়। পরে তাকে কারগারে পাঠানো হয়।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চমেকে’র মূল ফটক থেকে কমপক্ষে ২০ শিবিরকর্মী অতর্কিত মিছিল বের করে। মিছিলটি দ্রুত গতিতে প্রবর্তক মোড় হয়ে আবার চমেক ১ নম্বর ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকে। মিছিলে অংশ নেওয়া সবাই মেডিকেল কলেজ ছাত্র ও শিবির কর্মী বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত।
হালিশহরে মিছিল প্রসঙ্গে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে হালিশহর নয়াবাজারে শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের ইটের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন।
আহত পুলিশ কর্মকর্তা হলেন- হালিশহর থানার এসআই মো. অলি মাথায় আঘাত পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৬৪৮ ঘ.
bdnews24