২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক সাহিত্য সম্মেলন সমাপ্ত

বাংলা একাডেমীর আয়োজনে ঠাকুরগাঁওয়ে দু’দিনের আঞ্চলিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার বিকালে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঠাকুরগাঁও, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর আয়োজনে ঠাকুরগাঁওয়ে দু’দিনের আঞ্চলিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার বিকালে শেষ হয়েছে। ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোমবার এই সাহিত্য সম্মেলনে শুরু হয়। সম্মেলনে বরেণ্য সাহিত্যিক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঝর্ণা রহমানসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৪০ জন কবি ও সাহিত্যিক অংশ নেন। সমাপনী দিনে সকালে উত্তরবঙ্গের লোকসংস্কৃতি, ঠাকুরগাঁওয়ের সাহিত্য-সংস্কৃতি এবং ‘উত্তরের ছোট কাগজ: অগ্নি ও স্ফুলিঙ্গ’ নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা হয়। ড. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাসুদুল হক, রাজা সহিদুল আসলাম ও হুমায়ুন কবীর। আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, ঝর্ণা রহমান, জালাল-উদ-দীন, শফিকুল ইসলাম, তসিকুল ইসলাম রাজা প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় লেখা পাঠ ও আলোচনা। সেখানে বিভিন্ন জেলা থেকে আসা লেখকরা নিজেদের লেখা পাঠ করেন। বিকালে দিনাজপুরের কাজী বোরহানউদ্দীন, রংপুরের মোতাহার হোসেন সুফী, বগুড়ার বজলুল করিম বাহার, পাবনার ওমর আলী ও রাজশাহীর খোন্দকার সিরাজুল হককে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯০০ ঘ.