২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতেও সব কেন্দ্রে ইভিএম, প্রচার শুরু মঙ্গলবার

কুমিল্লা সিটি কর্পোরেশনের পর নরসিংদী পৌরসভা নির্বাচনেও সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের পর নরসিংদী পৌরসভা নির্বাচনেও সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। ইভিএমের বিরোধিতাকারীরাও ইভিএমের পক্ষে চলে আসবে বলে মনে করেন তিনি। রোববার নিজ কার্যালয়ে সাংবাকিদের ছহুল জানান, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ইভিএমের সফলতার ধারাবাহিকতায় নংসিংদীয় পৌর নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার থেকে প্রচারণা শুরু হচ্ছে। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ইভিএম জনগণের আস্থা পেয়েছে। এতে কোনো কারচুপিও সম্ভব না। এমন পর্যায় আসবে যারা এর বিরোধিতা করছে, তারাও ইভিএম ব্যবহারে সম্মত হবে।” ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ জানুয়ারি নরসিংদী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন হবে। নির্দলীয় এ নির্বাচনে ইভিএম ব্যবহার করা এবং সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদী পৌর উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। গত ৪ জানুয়ারি জেলা বিএনপি সভাপতি খায়রুল কবীর খোকন এ ঘোষণা দেন। গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হওয়ায় এ পদ খালি হয়। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রয়াত লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান (কাপ-পিরিচ), শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া (আনারস), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ভূঁইয়া (দেয়াল ঘড়ি) ও আফজাল হোসেন মোল্লা (টেলিফোন) এবং জাকের পার্টি সমর্থিত অ্যাডভোকেট আরিফুল ইসলাম (চশমা)। আওয়ামী লীগ কামরুজ্জামানকে সমর্থন দিয়েছে। লোকমান হত্যার পর ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করা হয় কামরুজ্জামান সেই মামলার বাদি। মেয়র পদে দাঁড়ানো মোন্তাজ উদ্দিন ভূঁইয়া এ মামলার আসামি। নির্বাচন কমিশনার ছহুল জানান, পৌরসভার মোট ভোটার ৭৭ হাজার ৫৮১ (পুরুষ ৩৮২৬৫ ও মহিলা ৩৯২৬৫ )। ৩১টি কেন্দ্রের ১৯৮টি ভোট কক্ষে ইভিএম ব্যবহার হবে। প্রচারণা, ভোটের মহড়া ও কেন্দ্রে অতিরিক্ত একটি করে ইভিএমসহ এ নির্বাচনের জন্য প্রায় তিনশ’ ইভিএম প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান তিনি। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন পুরোপুরিই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়। এই প্রথম দেশে কোনো নির্বাচনে ব্যালট পেপারের বিষয়টি ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৯২৩ ঘ.