২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রের বিরুদ্ধে কর্মচারীদের বিক্ষোভ

এক সহকর্মীকে মারধরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক সহকর্মীকে মারধরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাংশ। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে শতাধিক কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেয়। তারা বলেন, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ ইউসুফ বর্ষণ ও তার বাবা একটি প্রাইভেটকার নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাকে নিবন্ধন খাতায় স্বাক্ষর করতে বলেন দ্বাররক্ষক মো. ইউসুফ। এ সময় বর্ষণ নিবন্ধনে অস্বীকৃতি জানিয়ে জোর করে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তিনি বাধা দেন বলে জানান কর্মচারীরা। তারা বলেন, এ সময় বর্ষণ এবং তার বাবা দারোয়ান ইউসুফকে মারধর করেন। এ বিষয়ে ইউসুফ বলেন, “ক্যাম্পাসে কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে চাইলে তাকে নিবন্ধন খাতায় স্বাক্ষর করে প্রবেশ করার নিয়ম রয়েছে। আমি দায়িত্ব পালন করতে গেলে আমাকে বর্ষণ মারধর করেন। আমি এর বিচার চাই।” কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এর আগে সকালেই জাবি কর্মচারী ইউনিয়ন এবং জাবি কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক লিখিত অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বর্ষণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/পিডি/১৮০৭ ঘ.