গাজীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণ এবং পরিবেশের ক্ষতির জন্য গাজীপুরে একটি ডাইং কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের দক্ষিণ নয়াপাড়ার জে এম ফেব্রিকস লিমিটেড নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অদিধদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকা সত্ত্বেও কারখানাটি থেকে তরল বর্জ্য নির্গত হয়ে নদীর পানি দূষিত হতো।
এক মাসের মধ্যে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহিম চৌধুরীকে ইটিপির ত্র“টি সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানান মুনীর।
নির্ধারিত সময়ের পর দূষণের ঘটনা প্রমাণিত হলে কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
দৈনিক ৬ দশমিক ০৫ মেট্রিক টন ডাইং ক্ষমতা সম্পন্ন এ কারখানার পরিবেশ ছাড়পত্রের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৫১ ঘ.
bdnews24