২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

রোড মার্চে বাধার শঙ্কা প্রকাশের পর খালেদা জিয়ার ওই কর্মসূচির প্রচারে মিছিল করতে গিয়েও বিফল হয়েছে নারায়ণগঞ্জ বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চে বাধার শঙ্কা প্রকাশের পর খালেদা জিয়ার ওই কর্মসূচির প্রচারে মিছিল করতে গিয়েও বিফল হয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ওই সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। আগামী রোববার চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করতে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। নারায়ণগঞ্জ হয়ে এই রোড মার্চ যাবে। নারায়ণগঞ্জ থেকে আড়াইশ গাড়ি রোড মার্চে যোগ দেবে বলে সমাবেশে জানানো হয়। সমাবেশে তৈমুর অভিযোগ করেন, রোড মার্চের প্রচারে বিভিন্ন স্থানে টানানো ব্যানার, সাইনবোর্ড অপসারণ করা হচ্ছে। এছাড়া গাড়ি না দিতে মালিকদের চাপ দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়ার লং মার্চ আটকে দেওয়া হয়েছিল। এবারও সে ধরনের ঘটনার শঙ্কা প্রকাশ করে শুক্রবার সংবাদ সম্মেলন করেছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপি। শনিবারের সমাবেশে বক্তারা বলেন, রোড মার্চে এবার বাধা দেওয়া হলে নারায়ণগঞ্জ থেকেই বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭১৪ ঘ.