সাতক্ষীরা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক পলাশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা করেন ওই ছাত্রী।
গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান।
তিনি বলেন, “পলাশকে বৃহস্পতিবার রাতে শহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।”
আযম খান কমার্স কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন। খুলনা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি স্বামীর সঙ্গে সাতক্ষীরা আসেন।
এ ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বৃহস্পতিবারই বিলুপ্ত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ।
ওই অনুষ্ঠানে এক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে অংশ নেওয়া ওই কলেজছাত্রীকে অনুষ্ঠান শেষে পারিশ্রমিক দেওয়ার কথা বলে ছাত্রলীগের এক নেতার বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ মামলা হয়।
মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় খুলনার ডিজে ড্যান্স একাডেমির শিল্পী গোষ্ঠীকে আমন্ত্রণ করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।”
শহরের শিল্পকলা একাডেমিতে বুধবার মধ্যরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে জুয়েল ও পলাশ ওই ছাত্রী ও তার স্বামীকে পারিশ্রমিক দেওয়ার কথা বলে শহরের মধ্যকাটিয়া এলাকায় ছাত্রলীগ নেতা পলাশের বাসায় নিয়ে যায় বলে জানান ওসি।
নৃত্যশিল্পী ছাত্রীটির স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের পারিশ্রমিক সাতক্ষীরার সীমাান্ত হোটেলে গিয়ে দেওয়ার কথা বলেন ছাত্রনেতারা।
“ওই রাতে কোনো যানবাহন না পাওয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান আমাদের তার মোটর সাইকেলে উঠিয়ে নেন। হোটেল সীমান্তে যাওয়ার কথা বলে তিনি নিয়ে যান অচেনা জায়গা শহরের মধ্যকাটিয়ার মেহেদীবাগ নামের এক বাড়িতে,” বলেন তিনি।
মেয়েটিকে ভেতরের একটি কক্ষে নিয়ে যাওয়া হয় উল্লেখ করে তার স্বামী বলেন, সেখানে প্রথমে আর্থিক প্রলোভন ও পরে ভয়ভীতি দেখিয়ে জুয়েল ও পলাশ ধর্ষণের চেষ্টা করেন।
স্ত্রীর ওপর ওই দুই ছাত্রলীগ নেতার অনৈতিক কর্মকাণ্ড আঁচ করতে পেরে তিনি শহরের সঙ্গীতা সিনেমা হল মোড়ে টহল পুলিশের শরণাপন্ন হন।
ওসি রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়্যারলেসে টহল পুলিশ তাকে ঘটনাটি জানায়। এরপর পলাশের বাসার সামনে অবস্থান নেয় টহল পুলিশ। তিনিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও পলাশসহ অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায়।”
ছাত্রীটির স্বামী বলেন, তিনি পুলিশ নিয়ে মেহেদীবাগের বাড়িতে আসতেই গাড়ির হর্ন শুনে জুয়েল, পলাশ, সুমন ও অন্য সহযোগী পালিয়ে যায়।
এ সময় নাজমুল হুদা পলাশের মেহেদীবাগের বাসার বিছানা থেকে তার স্ত্রীকে প্রায় বিবস্ত্র ও বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, “সেসময় আমাকে চিৎকার করতে দেওয়া হয়নি। আমার মোবাইলও কেড়ে নেয় তারা।”
ওসি আসলাম বলেন, [বুধবার] রাত ২টার দিকে সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ ঘটনাস্থল থেকে নির্যাতিত ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার সকালে ওই কলেজছাত্রী সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীর কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন।
এরপর ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ওই দুই নেতাকে আসামি করে থানায় মামলা করেন ওই ছাত্রী।
ধর্ষণচেষ্টার শিকার ছাত্রীটির স্বামী বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন বলে জানান ওসি রতন শেখ।
এর পরপরই সদর থানা পুলিশ ওই কলেজ ছাত্রী ও তার স্বামীকে খুলনার একটি বাসে তুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২২৪০ ঘ.
bdnews24