২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-রুটে ভাড়া: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অভ্যন্তরীণ নৌ-রুটে পণ্য পরিবহন ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ নৌ-রুটে পণ্য পরিবহন ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম চিঠি পাঠিয়েছেন বলে বুধবার চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, গত তিন মাসে অভ্যন্তরীণ নৌ-পরিবহন খাতের বিভিন্ন রুটে কয়েক দফায় টন প্রতি অন্তত ১১৩ টাকা পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। ফলে আমাদানি করা মালামাল পরিবহনে অস্বাভাবিক চাপে দেশের ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভ্যন্তরীণ নৌ-রুটের জাহাজ মালিকদের সংগঠন কোনো উৎপাদক-আমদানিকারক, ট্রেড ইউনিয়ন বা সরকারি সংস্থার সঙ্গে আলোচনা না করেই দেশের ১৬ স্থানে ভাড়া বাড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এফবিসিসিআই, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সর্বশেষ গত বুধবার চট্টগ্রাম থেকে ১৬টি অভ্যন্তরীণ নৌ রুটে লাইটারেজ জাহাজে টন প্রতি পরিবহন ভাড়া ৩০ টাকা করে বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১১৩ ঘ.