২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’ শেষে বনদস্যু আটক

সুন্দরবনে প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছেন এক বনদস্যু প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বাগেরহাট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছেন এক বনদস্যু প্রধান। বুধবার দুপুরে সুন্দরবন পশ্চিম বিভাগের কালাবগি স্টেশনের দোদাবগি খালে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কাশেম গাজী (৩৫) নামে ওই বনদস্যুকে আটক করা হয়। কাশেমের বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে। তার বিরুদ্ধে খুলনার দাকোপ ও বটিয়াঘাটা থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দশমিক বাইশ বোরের একটি বিদেশি রাইফেল ও পাঁচটি একনলা বন্দুক। র‌্যাব-৬ এর সহ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাশেম বাহিনীর প্রধান কাশেম ও তার ছয়-সাত সহযোগী সেখানে অবস্থান করছেন- এমন খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আমরা অভিযান শুরু করি। আমাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালায়। র‌্যাব ও কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা কমপক্ষে ১২০ রাউন্ড গুলি ছোড়ে। পরে কাশেমকে আটক করা হয়। তবে এতে কোনো কেউ হতাহত হয়নি বলে জানান নূর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৩৪ ঘ.