ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনিপুর উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার সকালের ঘটনার পর বিকালে তদন্ত কমিটি গঠনের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অভিযোগ উঠেছে, ভর্তিতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদনের জন্য আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহ মিরপুরে বিদ্যালয়টিতে গেলে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার তাকে মারধর করেন।
তবে মনিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামাল মজুমদার অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষামন্ত্রী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “শিক্ষক-কর্মকর্তা যাদের ওপর আমাদের কর্তৃত্ব আছে, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারদলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মনে করিয়ে দেওয়া হলে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ বলেন, “এখানে আমি শিক্ষামন্ত্রী হিসেবে কথা বলছি। আমি তো আওয়ামী লীগের নেতা হিসেবে কথা বলছি না।”
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদকে। তিন সদস্যের এই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) সহিদুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শফিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24