২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে প্রতিপক্ষের পিটুনিতে ছাত্রলীগকর্মী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে প্রতিপক্ষের পিটুনিতে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে প্রতিপক্ষের পিটুনিতে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। মতিহার থানার ওসি আকবর হোসেন জানান, রোববার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর ও পুলিশ রাতে হলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আহত ছাত্রলীগ কর্মী খালিদ হাসান নয়ন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, রোববার রাত ২টার দিকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিমের নের্তৃত্বে দেব, আলামীন, তাকিমসহ ১৫/২০ জন হাতুড়ি, লোহার রোড ও ধারালো অস্ত্র দিয়ে নয়নকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রক্টর ও পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ সময় হলে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলেও জানান তিনি। আহত নয়ন বলেন, “আমি রুমে ঘুমাচ্ছিলাম। এ সময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিমের নের্তৃত্বে আলামীন, তাকিম, দেবসহ আরো কয়েকজন হামলা চালায়। তাদের মারধরে আমার ডান হাত ভেঙে গেছে।” বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুর নির্দেশে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবশ্য সেলিম দাবি করেন, নয়নই তার কক্ষে গিয়ে অস্ত্র বের করে হামলা চালিয়েছে। যা নয়ন অস্বীকার করছেন। অন্যদিকে, আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। এ ঘটনার সঙ্গে আমার কোন সংশি¬ষ্টতা নেই।” বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। তিনি বলেন, “নিজেদের মধ্যে মারামারি দুঃখজনক। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২১৯ ঘ.