মুন্সীগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীসহ চারজন জীবন্ত দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই সোমবার সকালে রূপগঞ্জ থেকে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে নেতাকর্মীদের নিয়ে টুঙ্গীপাড়ার পথে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় তার গাড়ি বহরের একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছাত্রলীগ নেতা রাসেল (৩২), যুবলীগ নেতা জব্বার (৪৫) ও শাহ আলম (৩৫) এবং তোফাজ্জল হোসেন (৪৫)
মাইক্রোবাসের বাকি ৮ আরোহীর সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে হাফিজউদ্দিন ভূঁইয়া সাবু (৪৫), মো. মাওলা (৩৫), মো. সুলতান (৪০), মোমেন মিয়া (২৮) ও ছমিরউদ্দিনকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “বিক্রমপুর পরিবহনের একটি বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।”
গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলার ষোলঘর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তোফাজ্জেল হোসেন নামে আরেকজন।
দুর্ঘটনার পর প্রায় পৌনে ১ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকে। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯ টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে ওসি জানান।
সহকারী পুলিশ সুপার জানান, তিন জনের লাশ সিরাজদিখান থানায় নিয়ে আসা হয়েছে। অগ্নিদগ্ধ মাইক্রোবাসটি রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬১০ ঘ.
bdnews24