ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এএসএম আমিনুল ইসলামের বিরুদ্ধে জামিনে অনিয়মের তদন্ত শুরু হয়েছে।
রোববার এ তদন্ত শুরু করেন জাতীয় আইন সহায়তা কেন্দ্রের পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।
গত ডিসেম্বরে মাসে মহানগর দায়রা জজ আদালতে অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি গ্রহণের দায়িত্ব পান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের এই বিচারক।
দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় জামিন দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।
গত ৮, ১২, ১৩, ১৯, ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী কামরুন্নাহার নাদিয়া হত্যা মামলার আসামি, কয়েকটি জাল টাকা এবং মাদক মামলার আসামিদের জামিনে অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর জের ধরে গত ২৯ ডিসেম্বর তারিখে আইন মন্ত্রণালয় এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে।
তদন্তকারী সৈয়দ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অনিয়মের বিষয়টি আরো একদিন তদন্তের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসতে পারেন।
রোববার তিনি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আদালতে ছিলেন। তবে তদন্তে অনিয়মের বিষয় কী কী ধরা পড়েছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।
জামিন না পাওয়া এক আসামির আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা তাহমিনা হাশেমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বিচারক অপেক্ষাকৃত লঘু অপরাধের মামলায় জামিন না দিলেও গুরুতর এবং পেশাদার অপরাধীদের জামিন দেন।”
নাদিয়া হত্যা মামলায় বাদি পক্ষের বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আইনজীবী রায়হান মোরশেদ বলেন, “এ বিচারক জামিনের কোনো যৌক্তিক কারণ ছাড়াই নাদিয়ার ঘাতক তার স্বামী আরো তিনটি হত্যা মামলাসহ চাঁদাবাজি মামলার আসামি শিকদার শফিকুর রহমানকে গত ২৭ ডিসেম্বর তারিখে জামিন দেন।”
“প্রচলিত নিয়মে অভিযোগপত্র দাখিলের পর পর সাধারণত কোনো হত্যা মামলায় এজাহারনামীয় আসামির জামিন নিু আদালত বিবেচনায় নেয় না” উল্লেখ করে তিনি বলেন, “এ আসামি কারাগারে থেকেই বাদি পক্ষকে বার বার হত্যার হুমকি দিয়েছেন। আর সে ব্যাপারে সাধারণ ডাইরি ও মামলার নথিপত্রে সংযুক্ত ছিল। তা সত্ত্বেও ওই বিচারক তাকে জামিন দেন।”
এ বিষয়গুলো সম্পর্কে জানতে চাওয়া হলে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে কোনো মন্তব্য না করে বলেন, “তদন্ত কমিটি তদন্ত করছে। কমিটি কী সিদ্ধান্ত দেয় দেখা যাক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৩১ ঘ.
bdnews24