২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অবহেলায় রোগীর মৃত্যু: তদন্ত কমিটি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঝিনাইদহ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এই কমিটি গঠন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. আজহারুল ইসলাম বিষয়টি তদন্ত করবেন। তাকে ১৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার গভীর রাতে ঝাউদিয়া গ্রামের সাজেদা বেগম (৬০) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মারা যান। এতে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের দায়িত্বে অবহেলার অভিযোগে রোগীর স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। ওই সময় হাসপাতালের সংশ্লিষ্টরা কর্তব্যে অবহেলা হয়েছে বলে লিখিত দেয়। তবে পরবর্তীতে কেউ কেউ দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করে। দায়িত্বে অবহেলায় অভিযুক্তরা হলেন, ড. আ.স.ম মোস্তফা কামাল, নার্স বিলকিস বেগম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তরিকুল ইসলাম ও ওয়ার্ড বয় সিরাজুল ইসলাম। এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেকমত আলী তাকে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। “তবে লিখিতভাবে না জানানোয় বিভাগীয় তদন্ত করা যাচ্ছে না,” বলেন ডা. নাসরিন। স্বাস্থ্য কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী কমিশনার (ভূমি) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ১৪ জানুয়ারি ফের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির বৈঠক বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১০ ঘ.