দিনাজপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা হয়রানিতে ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্তরা অনশন শুরু করেছে।
সোমবার সকাল ১২টা থেকে বড়–পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে ১০ দফা দাবিতে প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত তিন দিনের এই কর্মসূচি শুরু করেছে।
খনি এলাকার ১০টি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে এই কর্মসূচি চলছে।
কমিটির আহবায়ক ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারবার দাবি জানানোর পরও ন্যায্য পাওনা প্রদান না করায় আমরা এই অনশন কর্মসূচি পালন করছি।”
বুধবার পর্যন্ত চলবে এই অনশন চলবে বলে জানান তিনি।
অনশনকারীদের দাবির মধ্যে রয়েছে, ক্ষতিপূরণের বকেয়া ৬০ ভাগ টাকা দ্রুত প্রদান, ক্ষতিপূরণের ১৯০ কোটি টাকার ওপর ব্যাংকে অর্জিত সুদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন, গত আমন-বোরো ফসলের ক্ষতিপূরণ, প্রতিশ্র“তি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পেট্রোবাংলায় কর্মসংস্থান ও হয়রানিকারী সার্ভেয়ারদের শাস্তি প্রদান।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিগ্রস্তরা নিজেরাই সমস্যা সৃষ্টি করছে। তালিকাভুক্তির পর তারাই জমির মালিকানা নিয়ে আপত্তি দিচ্ছে।”
যে জমিগুলো নির্ভেজাল, সেগুলোর টাকা এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
তিনি জানান, জমির মালিকানা নিয়ে তালিকাভুক্তির পর এ পর্যন্ত প্রায় সাড়ে সাতশ আপত্তি জেলা প্রশসানে জমা পড়েছে।
বড় পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশপাশের এলাকায় ছাইয়ের সৃষ্টি হয়, ভূমিতে দেখা দেয় ফাটল। এরপর সরকার ওই এলাকার মানুষকে ক্ষতিপূরণ দিয়ে অন্য স্থানে সরানোর সিদ্ধান্ত নেয়। ক্ষতিগ্রস্তদের জন্য ২০১০ সালের ৯ নভেম্বর একনেক’র বৈঠকে ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24