চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইয়াকুবনগর, হালিশহর রোড ও কালুরঘাট এলাকায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি পাশাপাশি ছয়টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।
ভোর ৪টার দিকে কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গীবাজারের ইয়াকুব নগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর মো. শাহীদুর রহমান।
তিনি জানান, আগুনে ২৫টি কাঁচা ভাড়া ঘর পুড়ে গেছে। এসব ঘরে মোট ৩৫০টি কক্ষ ছিলো। এর মধ্যে পাঁচটি বিভিন্ন রকমের দোকান, ওর্য়াকশপ ও দুটি লবনের গুদামও ছিলো।
পরে পাঁচটি ফায়ার ইউনিটের মোট ১৫টি গাড়ি আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দমকল কর্মী আনোয়ার হোসেন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অপর ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৬টায়, চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় ইউনুস ফকিরের বাড়িতে।
দমকল বাহিনী জানিয়েছে, আগুনে ইউনুস ফকির ও হাজী আহমদের মালিকানাধীন দুটি কাঁচা বসত ঘরের ২৫টি কক্ষ ও গোয়ালঘর পুড়ে যায়। এতে আটটি গরু দগ্ধ হয়ে মারা গেছে, আংশিক দগ্ধ হয়েছে আরো চারটি।
অপারেটর শাহীদুর রহমান জানান, দমকল বাহিনীর দুটি গাড়ি সকাল সোয় ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সকাল ১০ টার দিকে নগরীর হালিশহর সড়কের হাজীপাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনে বেলাল হোসেনের মালিকানাধীন ‘বেলাল বের্ডিং হাউজের’ সেমি-পাকা তিনটি কক্ষ পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৬৫৭ ঘ.
bdnews24