২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: হেফাজত শেষে তারেক কারাগারে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি বিএনপি নেতা তারেক আহমেদকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

নরসিংদী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি বিএনপি নেতা তারেক আহমেদকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার নরসিংদীর প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। তারেকের পাঁচ দিনের হেফাজত (রিমান্ড) শেষে রোববার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ মন্ডল তাকে আদালতে হাজির করে আরো পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। এসময় তারেকের আইনজীবীরা তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে মামলার প্রয়োজনে তারেককে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হজ পালন শেষে দেশে ফেরার পর গত ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তারেক আহমেদকে। পরদিন তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদনে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন। তারেক গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে তারেকের নাম রয়েছে ৮ নম্বরে। তিনি স্থানীয় বিএনপির নেতা এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি। লোকমান হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৫ ঘ.