গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে রোববার বিকালে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত সাত জন আহত হয়েছেন।
সদর উপজেলার গাজীপুর গ্রামে ভার্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র কারখানার কম্প্রেসার লাইনে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে।
এ সময় কারখানার টিনের চাল উড়ে গেছে। মেশিনপত্র ক্ষতিগ্রস্ত এবং দরজা-জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহতরা হলেন- সবুজ (৩০), নাহিদ (৩০), আলামিন (২৫), শাহিন (২৪), মুন্না (২৫), মামুন (২৫) ও সোহেল (২৫)। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে বিস্ফোরণ ও অগ্নিকা-ের খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে যায়।
কারখানার ব্লু-রুমে (ফিনিশ প্রোডাক্ট রুম) অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটে।
এতে টিনশেড ঘরটির চাল উড়ে যায়, ফ্লুইড ডায়ার মেশিন, কোটিং মেশিন, মাল্টিমিল মেশিন ও কম্প্রেশর মেশিন ক্ষতিগ্রস্ত হয় এবং জানালা-দরজার কাচ চুরমার হয়ে যায়।
কারখানাটির মালিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই।
সাফায়েতুল ইসলামের ব্যক্তিগত সহকারী চিশতি খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24