ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তুকি কমাতে আগামী তিন বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অর্থমন্ত্রী যুক্তি দিলেও দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।
রোববার এক সংবাদ সম্মেলনে আবুল মাল আবদুল মুহিত বলেন, “ভর্তুকি কমাতে আগামী তিন বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে হবে। এরপর থেকে তা সহনীয় পর্যায়ে চলে আসবে।”
ভবিষ্যতে আর কতবার বিদ্যুতের দাম বাড়ানো হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজধানীর আব্দুল গণি সড়কে বিদ্যুৎ ভবনে ওই সংবাদ সম্মেলন আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “বিদ্যুতের দাম বাড়নো একটা চলমান প্রক্রিয়া। তিন বছর পর্যন্ত দাম বাড়বে তা ঠিক নয়, অর্থমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে আমি ডিজএগরি (দ্বিমত) করছি।”
জ্বালানি মূল্যের সঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধির সম্পর্ক রয়েছে উল্লে¬খ করে তিনি বলেন, “জ্বালানির মূল্যের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করেই বিদ্যুতের দাম বাড়ানো হয়।”
অবশ্য উপদেষ্টার বক্তৃতা শুরু হওয়ার আগেই অনুষ্ঠানস্থল ছাড়েন অর্থমন্ত্রী।
অপর প্রশ্নের জবাবে মুহিত বলেন, “বিদ্যুতের উৎপাদন বাড়াতে শুধু ভারত থেকে নয়, আরো কয়েকটি দেশ (ভুটান, নেপাল) থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।”
“রেন্টাল পাওয়ার প্ল¬ান্ট (ভাড়া ভিত্তিক কেন্দ্র) থেকে বিদ্যুৎ কেনায় বিদ্যুতের দাম বাড়ছে, এর মতো অসাড় স্টেটমেন্ট (বক্তব্য) আর হতে পারে না”, এমন মন্তব্যও করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
তার মতে, রেন্টাল পাওয়ার প্ল¬ান্ট স্থাপন না করলে দেশ অন্ধকারে নিমজ্জিত থাকতো।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই বিদ্যুৎ খাত নিয়ে একটি পরিকল্পনা করা হয় জানিয়ে মুহিত বলেন, “বিদ্যুতের উৎপাদন নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। কারণ সরকারের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হলে ভবিষ্যতে আর সংকট থাকবে না।”
“উৎপাদন বাড়াতে জ্বালানি হিসেবে গ্যাসের পাশাপাশি কয়লা, নবায়নযোগ্য জ্বালানি, ফার্নেস অয়েলের ব্যবহার বৃদ্ধি এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে” যোগ করেন তিনি।
উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, “বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। উৎপাদনের এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রথমবারের মতো বিদ্যুৎ বিভাগের আওতাধীন নয়টি প্রতিষ্ঠান এ বিভাগের সঙ্গে চুক্তি সই করেছে।”
আগামী ছয় মাসের জন্য (জানুয়ারি থেকে জুন) এসব প্রতিষ্ঠানের কর্মদক্ষতা তদারকি করবে পাওয়ার সেল।
পাওয়ার সেলের পরিচালক (কমার্শিয়াল) মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী পারফরমেন্স ইনডিকেটরে (কেপিআই) মাধ্যমে চুক্তিকৃত নয়টি প্রতিষ্ঠানকে তদারকি করা হবে। যেসব প্রতিষ্ঠান ভালো করবে তাদের বেতনের সঙ্গে অতিরিক্তি বোনাস দেওয়া হবে। আর যারা ভালো করবে না তারা এ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও পাবে না।”
ওই নয়টি প্রতিষ্ঠান হলো- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি), পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি), রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ (ইজিসিবি) এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএলসিএল)।
অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের বর্তমান সার্বিক চিত্র তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, “বর্তমান সরকারের আমলে ২০০৯ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত জাতীয় গ্রিডে মোট দুই হাজার ৮৯৪ মেগাওয়াট অতিরিক্তি বিদ্যুৎ যোগ হয়েছে।”
এর মধ্যে ২০০৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৫৬ মেগাওয়াট, ২০১০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৭৫ মেগাওয়াট এবং গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৭৬৩ মেগাওয়াট।
এ ছাড়া এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৩১৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এর মধ্যে তিনটি রেন্টাল, ১৭টি কুইক রেন্টাল (দ্রুতভাড়াভিত্তিক), ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) ১১টি এবং সরকারি খাতে ১৮টি।
এসব কেন্দ্রের মধ্যে ২৪টি থেকে ১৯৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলে জানান আলমগীর কবীর।
বিদ্যুৎ বিভাগের সঙ্গে এ বিভাগের আওতাধীন সংস্থা ও কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর এবং সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৮০৩ ঘ.
bdnews24