২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প কর্মকর্তা 'লাঞ্ছিত' সাবেক ছাত্রলীগ নেতার হাতে

কালভার্ট নির্মাণের ঠিকাদারী না পেয়ে বরিশালের আগৈলঝারা উপজেলায় এক সাবেক ছাত্রলীগ নেতা প্রকল্প কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালভার্ট নির্মাণের ঠিকাদারী না পেয়ে বরিশালের আগৈলঝারা উপজেলায় এক সাবেক ছাত্রলীগ নেতা প্রকল্প কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সচিন্দ্রনাথ বৈদ্য অভিযোগ করেন, শুক্রবার উপজেলা পরিষদ ভবনে তাকে লাঞ্ছিত করেন আগৈলঝারা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার। অবশ্য লিমন এ অভিযোগ অস্বীকার করেছেন। সচিন্দ্রনাথ বৈদ্য জানান, পিআইও দপ্তরের ব্যবস্থাপনায় স¤প্রতি উপজেলার চেঙ্গুটিয়ায় ১৯ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্টের নির্মাণ কাজ শুরু হয়। লিমন শুক্রবার উপজেলা পরিষদে এসে প্রশ্ন করেন, কাজটি তার ঠিকাদারী প্রতিষ্ঠান মো. জাকির ব্রাদার্সকে কেন দেওয়া হয়নি। "এ নিয়ে তার (লিমন) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে।" এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উত্তেজিত হয়ে উঠলে লিমন সহযোগীদের নিয়ে উপজেলা পরিষদ ত্যাগ করেন। সচিন্দ্রনাথ জানান, তিনি ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। লিমন প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার বিষয়টি স্বীকার করলেও তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন। কাজটি পাওয়ার জন্য পিআইওকে এক লাখ টাকা ঘুষ দিয়েছেন বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন লিমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর বিশ্বাস বলেন, পিআইওর কাছে তিনি বিষয়টি শুনেছেন। আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩২২ ঘ.